ভাওয়াল উদ্যান এলাকায় ডাম্পিং স্টেশন

উন্নত প্রযুক্তি ব্যবহার করলে জীববৈচিত্র্যের ক্ষতি হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন থাকলেও উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা গেলে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না। গতকাল বিকেল ৪টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের প্রবেশদ্বার রাজেন্দ্রপুরে গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ভাগাড় পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে চায়না এবং ফিনল্যান্ডসহ দু’টি দেশের সাথে আমাদের কথা হচ্ছে। ইটিপির মাধ্যমে হোক বা তাদের অর্থনৈতিক সহযোগিতাই হোক এই বর্জ্যকে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসব, যাতে আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, জৈবসার ও মিথাইল গ্যাসসহ বিভিন্ন কিছু তৈরি করা যায় এরকম প্রস্তাবনা তাদের রয়েছে। মন্ত্রণালয় এবং সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে। লাখ লাখ টন ময়লা আবর্জনা গাজীপুরে। খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের মতো ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে বিদেশী সংস্থাকে দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদনসহ গাজীপুরের এই ময়লাকে আমরা কাজে লাগাব ইনশা আল্লাহ।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমি আজ (শুক্রবার) থেকে দেড় মাস আগে এ জায়গাটিতে (রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে) এসেছিলাম এবং গাজীপুর ঘুরে দেখে গিয়েছি। কারণ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় এ রাস্তা দিয়ে ময়মনসিংহ সফরে যখন যান তখন এ জায়গার ময়লার ভাগাড় উনার নজরে এসেছে। গাজীপুর সিটি করপোরেশনের জন্য নিজস্ব ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ডাম্পিং পয়েন্ট থাকার কথা, তা না থাকায় হাজার হাজার টন ময়লা আবর্জনা বন বিভাগের জায়গায় রাস্তার পাশে সব নিয়ে এসে এখানে ফেলা হতো। এ এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী, স্থানীয় সাধারণ মানুষের চলাচলে বিঘœ ঘটতো এবং অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হতো এটা উনার নজরে আসে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মুনঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারসহ সরকারি দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।