ফতুল্লায় মাদককারবারিদের সাথে গোলাগুলিতে ৫ পুলিশ আহত

শীর্ষ মাদককারবারি ফাইটার মনির গ্রেফতার

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় আবারও পুলিশের ওপর হামলা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তদের হামলায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এসআই নন্দন সরকার ও মনির, এএসআই কামরুল হাসান ও মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। তাদের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ফাইটার মনিরসহ (৩৮) তিনজনকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বাকি দুইজন হলেন- নাঈম (২৮) ও মাসুম (২৪)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এসআই নন্দন সরকারের নেতৃত্বে তাদের একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় ১৫ কেজি গাঁজাসহ ফাইটার মনির ও দুই সহযোগী মাসুম এবং নাঈমকে আটক করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে মনিরের সহযোগী তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীদের ছোড়া গুলি ফাইটার মনিরের পায়ে গুলি লাগে।

হামলায় ৫ পুলিশ আহত হন। পরে পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পেনগান জব্দ : এ দিকে শনিবার দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পেনগান ও এর একটি খালি খোসা জব্দ করেছে র‌্যাব-১১।

গতকাল র‌্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাদকের স্পটে অবস্থানরত কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে সেখানকার একটি ঝোপে তল্লাশি চালিয়ে থেকে একটি পেনগান ও একটি খালি খোসা জব্দ করা হয়।