ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটি এক উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। সিরিজের নিয়ম রক্ষার শেষ ম্যাচে ক্যারিবীয়দের কাছে এবার দুই উইকেটে হারল কিউইরা। নিউজিল্যান্ডের গড়া ২৬৮ রানকে তাড়া করতে নেমে জয়ের দিকেই এগুচ্ছিল স্বাগতিক দল। কিন্তু জ্যাকব ডাফির করা ৪৫তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে যখন ম্যাথু ফোর্ড ও আলজারি জোসেফ বিদায় নেন, তখন দলীয় স্কোর আট উইকেটে ২৪৮ রান। তখনো জয়ের জন্য প্রয়োজন ২১ রান। হাতে রয়েছে দুই উইকেট। তবে এক প্রান্তে ছিলেন শিমরন হেটমায়ার। শেষ পর্যন্ত জেতালেন বাঁহাতি এই মিডলঅর্ডার ব্যাটার।
বারবাডোজে গত পরশু টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং (৫৬), নিক কেলি (৬৪) ও টম লাথামের (৬৯) ফিফটিতে ৫০ ওভারে ২৬৮ রান করেছিল নিউজিল্যান্ড। লো-স্কোরিং সিরিজে এটিই ছিল দলীয় সর্বোচ্চ সংগ্রহ। লক্ষ্য তাড়ায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শেরফেন রাদারফোর্ডের সাথে হেটমায়ারের ৯০ বলে ৯৫ রানের জুটি। পাঁচ ছক্কায় ৫৮ বলে ৬১ করে আউট হন রাদারফোর্ড। চার ছক্কায় ৬৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়া হেটমায়ার হন ম্যাচসেরা। ১৫ বল বাকি রেখে দুই উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের। সিরিজসেরা হন পাঁচ ম্যাচে ১৪ উইকেট নেয়া নিউজিল্যান্ডের লেগ স্পিনার জেডেন রিচার্ড লেনক্স।



