নিজস্ব প্রতিবেদক
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
স্ত্রী আফরোজা আব্বাস গতকাল বিকেলে এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন ওনাকে (মির্জা আব্বাস) থেরাপি দেয়া হচ্ছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।
গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে ফিজিও থেরাপির জন্য মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।
তার আগে গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হলে মির্জা আব্বাসকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল টিম দ্রুত মির্জা আব্বাসের মতিষ্কে অস্ত্রোপচার করে।
এরপর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে টানা একমাস চিকিৎসকদের নিবিড় চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠেন।
পরে চিকিৎসকদের পরামর্শে ফিজিও থেরাপির জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আফরোজা আব্বাস বলেন, এখন উনি ভালো আছেন। প্রতিদিন ফিজিও থেরাপি নিচ্ছেন।



