কূটনৈতিক প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ উপলক্ষে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গতকাল দূতাবাস প্রাঙ্গণে লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন।
পরে তার নেতৃত্বে বিশেষ রিকশার বহরটি দূতাবাসের আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় রিকশাচালকদের পরনে ছিল বিশেষ ধরনের ক্যাপ ও জ্যাকেট।
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়। পোস্টে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে।



