স্বাক্ষর জাল করে নিয়োগ

মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

Printed Edition

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে দু’জনকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে ওই নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদনও করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের চাঁদপাড়া নূরানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর আলম ২০২০ সালে অফিস সহায়ক ও আয়া- এই দু’টি নবসৃষ্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। অভিভাবকদের দাবি, নিয়মবহির্ভূতভাবে পদ দু’টি সৃষ্টি করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়াই গোপনে নিয়োগ দেয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, তৎকালীন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে না জানিয়ে এবং তাদের স্বাক্ষর ছাড়াই আহসান হাবীবকে অফিস সহায়ক ও লায়লাতুন নাহার জান্নাতিকে আয়া পদে নিয়োগ দেয়া হয়। পরে সংশ্লিষ্টদের স্বাক্ষর জাল করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে।

তৎকালীন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সেত্তার আলী ও সদস্য আফজাল হোসেন ফকির বলেন, নিয়োগের বিষয়ে তারা কিছু জানতেন না এবং কোনো কাগজপত্রে স্বাক্ষরও করেননি।

অভিভাবক সদস্য আনারুল ইসলাম নয়নের অভিযোগ, প্রধান শিক্ষক বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর জাল করে নিয়োগপত্র দিয়েছেন এবং বর্তমানে ওই দু’জনের এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছেন।

তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, এ নিয়োগে তার কোনো অনুমতি নেয়া হয়নি এবং কোনো নথিতে তার স্বাক্ষরও নেই।

তবে নিয়োগপ্রাপ্ত আহসান হাবীব ও লায়লাতুন নাহার জান্নাতি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। অভিযুক্ত প্রধান শিক্ষক শাহীনুর আলম একটি পদে নিয়োগ দেয়ার কথা স্বীকার করলেও অন্য অভিযোগ অস্বীকার করেছেন। ইউএনও মো: পারভেজ বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।