প্রযুক্তির ব্যবহারে কমবে খরচ, বাড়বে ধানের উৎপাদন

Printed Edition

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

কৃষি কাজে খরচ কমাতে ও সময় বাঁচাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ‘কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান’- এ স্লোগানকে সামনে রেখে দেশের কৃষিখাতে উৎপাদন বাড়াতে নিরলস কাজ করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও এলএসটিডি প্রকল্প। কৃষকদের সঠিক সময়ে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কার ফুলবাড়ী এলাকায় বোরো মৌসুমের কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের মাঠ দিবসে এসব কথা বলেন এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথিরূপে যুক্ত হন। এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ব্রির টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

মাঠ দিবসে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, ব্রির টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের পক্ষে আলী আল রাজি ও রেজাউল হক তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।