রাজশাহী ব্যুরো
রাজশাহীতে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাজশাহীর রিভার ভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
প্রতিযোগিতায় রাজশাহীর ৯টি উপজেলা থেকে ৯টি দল এবং মহানগর এলাকা থেকে চারটি দলসহ মোট ১৩টি দল অংশ নেয়। স্টলগুলোতে শিক্ষার্থীরা স্থানীয় সম্পদ ব্যবহার করে ব্যবসায়িক উদ্যোগ, পাঠ্যবইয়ের বিজ্ঞানভিত্তিক তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ এবং মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরে। আয়োজনটি ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
প্রদর্শনীতে রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা ‘যতœ’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন উপস্থাপন করে। অ্যাপটির মাধ্যমে প্রয়োজনীয় সেবা সহজে মানুষের কাছে পৌঁছে দেয়ার ধারণা তুলে ধরে তারা।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের প্রোগ্রামের সদস্যসচিব ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: জায়েদুর রহমান। এ সময় রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীনসহ অভিভাবক ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।


