সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

হাওরে নৌকাডুবি, নিখোঁজ ৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেব নাথ (৪০), সত্যেন্দ্র নাথ সতী (৬৫), অরুণ দেবনাথ (৪৫) ও অধীর দেবনাথ (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার নয়জন একটি নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ওসি শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাত।

পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদ

রাঙ্গামাটির আসামবস্তি এলাকায় এক কৃষকের ফলন্ত পেঁপে বাগান ধ্বংসের ঘটনায় জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। গতকাল শনিবার সকালে শহরের বনরূপা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার বাগানের প্রায় এক হাজার ৪০০টি ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলে। তিনি দাবি করেন, এর আগে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং তা না দেয়ায় এ ঘটনা ঘটেছে। পিসিসিপির নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পাহাড়ে আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানান। রাঙ্গামাটি প্রতিনিধি।

অনুদান দিল ক্যানোপি ফাউন্ডেশন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাফিলাতলী এলাকার দুই অসচ্ছল ব্যক্তিকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে এককালীন আর্থিক অনুদান দিয়েছে ক্যানোপি ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। তিনি বলেন, সাময়িক সহায়তার পরিবর্তে মানুষের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে উপকারভোগীরা যেন সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারেন, সে উদ্দেশ্যেই এ সহায়তা দেয়া হয়েছে। ক্যানোপি ফাউন্ডেশন জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের বিভিন্ন এলাকায় অসচ্ছল ও কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা দিয়ে আসছে। ক্ষুদ্র ব্যবসার পুঁজি জোগানোর মাধ্যমে স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।

শিক্ষার্থীকে মেরে মেরুদণ্ড ভাঙার অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক মাদরাসা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির পরিবার। ভুক্তভোগী আঁখি আক্তার (৯) উপজেলার বিরতারা ইউনিয়নের বাগে নুরানীয়া হাফেজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, গত ২৪ জুলাই পড়া না পারার কারণে শিক্ষক সাফায়েত হুজুর তাকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন এবং বিষয়টি কাউকে জানালে আরো মারধরের হুমকি দেন। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার মেরুদণ্ডের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত করেন বলে পরিবারের দাবি। শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।

যমুনা এক্সপ্রেসের স্টপেজ দাবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়রা গতকাল শনিবার সকালে রেলপথ অবরোধ করেন। এতে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সকাল ৬টা ৫ মিনিট থেকে স্থানীয় বাসিন্দারা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে টানা দুই দিন একই দাবিতে কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের দাবি, দক্ষিণ গফরগাঁও এলাকার হাজারো মানুষ প্রতিদিন ঢাকা ও ময়মনসিংহে যাতায়াত করেন। মশাখালী স্টেশনে যমুনা এক্সপ্রেসের স্টপেজ চালু হলে যাত্রীদের সময় ও ভোগান্তি কমবে এবং রেলওয়ের রাজস্বও বাড়বে। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।

নতুন উপজেলায় আনন্দ মিছিল

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনের পর নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর স্থাপন ও দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর দাবিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন দত্তের বাজার ও নিগুয়ারী ইউনিয়নের বাসিন্দারা। গত শুক্রবার বিকেলে গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজার কান্দিপাড়া বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং সরকারি সেবা গ্রহণের সুবিধার দিক থেকে নয়াবাড়ি মৌজা উপজেলা সদর স্থাপনের জন্য উপযুক্ত স্থান। এখানে সদর দফতর স্থাপন হলে আটটি ইউনিয়নের মানুষ সহজে সরকারি সেবা পাবেন। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।

মাদকবিরোধী কর্মসূচিতে হামলা আহত ১

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে হামলার ঘটনায় গোলজার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে চারজনের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর সরকারপাড়া মাদরাসা মোড়ে এলাকাবাসী ও সুধীসমাজের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি চলাকালে একদল ব্যক্তি হামলা চালায়। এতে গোলজার হোসেন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, হামলার ঘটনার পর আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া

হবে। ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।

বন্যপ্রাণী মেরে ফেলেছে ১ হাজার মুরগি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বন্যপ্রাণীর আক্রমণে একটি পোলট্রি খামারের প্রায় এক হাজার মুরগি মারা গেছে। এতে খামার মালিকের প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গত শুক্রবার রাতে দর্শনা হল্ট স্টেশনের ওপারে অবস্থিত হাসান পোলট্রি ফার্মে এ ঘটনা ঘটে। খামার মালিক মো: হাসান জানান, তার খামারে ১৮ থেকে ২০ হাজার মুরগি রয়েছে। রাতে কোনো একসময় একটি বন্যপ্রাণী খামারে ঢুকে মুরগির ওপর আক্রমণ চালায়। সকালে খামারে গিয়ে তিনি প্রায় এক হাজার মৃত মুরগি দেখতে পান। ঘটনার পর আর্থিক ক্ষতির কারণে খামার পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান তিনি। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।