সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

Printed Edition
নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল : নয়া দিগন্ত
নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে গতকাল শনিবার সারা দেশে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আয়োজিত এসব কর্মসূচিতে বক্তারা গণরায় মেনে নিয়ে অবিলম্বে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও গণভোটে অর্জিত জুলাই সনদ কার্যকরের জোর দাবি জানান।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সলঙ্গায় সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। জুলাই সনদের ৯ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ, চাঁদাবাজি ও ভবিষ্যৎ স্বৈরাচারের পথ বন্ধ হবে। এ দিকে রায়গঞ্জে পৃথক আলোচনা সভা ও বিক্ষোভে কেন্দ্রীয় নেতা শায়েখ ড. আব্দুস সামাদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শহরের সিন্টু মার্কেট থেকে মিছিলটি বড় ইন্দারা মোড় হয়ে শান্তি মোড়ে শেষ হয়। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যপক আবু বকরের সভাপতিত্বে সমাবেশে জেলা আমির মাওলানা আবু জার গিফারী, সাবেক এমপি লতিফুর রহমানসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

খুলনা ব্যুরো জানায়, মহানগর জামায়াতের আয়োজনে নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। জেলা ও মহানগর নেতাদের উপস্থিতিতে সমাবেশে খুলনা মহানগরী আমির মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানের লক্ষ্য ও প্রত্যাশা এখনো পূর্ণ হয়নি।

নীলফামারী প্রতিনিধি জানায়, ডিসি মোড়ে জেলা জামায়াতের সমাবেশে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সভাপতিত্বে স্থানীয় কয়েকজন সংসদ সদস্যসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে চার শহীদ সদর উপজেলার কাজীবস্তি, আরাজী পাইকপাড়া, মাদারডাঙ্গী ও রোড এলাকায় শহীদ আল-মামুন, রাকিবুল হাসান, রাহান পারভেজ ও রায়হানুল হাসানের কবর জিয়ারত করা হয়। জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও সেক্রেটারি মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে দলীয় নেতারা শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, স্থানীয় ইনস্টিটিউট মাঠে আয়োজিত সমাবেশে জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, দেশে দুর্নীতি ও লুটপাট অব্যাহত রাখতেই সরকার জুলাই সনদ কার্যকর করতে বিলম্ব করছে। ৭০ শতাংশ মানুষের রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তারা। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, জুলাই অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যা ও মাদক-আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে জেলা আমির আহছান হাবীব মাসুদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, গণমিছিল ও সমাবেশে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক কাজলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।