ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সাথে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান ও মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তোলা এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন।
মাদরাসা শিক্ষার সার্বিক উন্নয়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরো জোরদার ও কার্যকর করার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থার শীর্ষ পর্যায়ে ভাইস চ্যান্সেলরের অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বগুণ দেশের শিক্ষাব্যবস্থাকে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরো সক্ষম ও গতিশীল করে তুলবে।
সাক্ষাৎকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।



