গার্দিওলাকে পেতে ‘বিশেষ ব্যতিক্রম’

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদে নিয়োগ নিয়ে আলোচনায় রয়েছেন স্প্যানিশ কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা। ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো নিশ্চিত করেছেন, গার্দিওলাকে দায়িত্ব দেয়ার সম্ভাবনা নিয়ে তার সাথে আলোচনা হয়েছে। প্রয়োজনে তার বেতনের জন্য আর্থিক ক্ষেত্রে ‘বিশেষ ব্যতিক্রম’ করতেও প্রস্তুত ফেডারেশন।

ইতালীয় ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ক্রোনাকে দি স্পোলিয়াতোইওকে দেয়া সাক্ষাৎকারে মালাগো বলেন, ‘হ্যাঁ, গার্দিওলার মতো একজন কোচের ক্ষেত্রে আর্থিক ব্যতিক্রম করা হতে পারে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই নিয়োগ হবে। তবু আলোচনার দ্বার খোলা রাখা এবং সংলাপ চালিয়ে যাওয়াটাই ছিল সঠিক সিদ্ধান্ত।’

গত মৌসুম শেষে এক দশকের সফল অধ্যায় শেষ করে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়েন ৫৫ বছর বয়সী গার্দিওলা। তার অধীনে সিটি ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি এফএ কাপ এবং পাঁচটি লিগ কাপ জয় করে। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচ হিসেবেও তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন।

গার্দিওলার ইতালীয় ফুটবলের সাথে পুরনো সম্পর্কও রয়েছে। ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে তিনি ব্রেসিয়া ও রোমার হয়ে খেলেছেন এবং ইতালীয় ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর ইতালির জাতীয় দলে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গত এপ্রিলে এই ব্যর্থতার পর প্রধান কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এর পর থেকেই নতুন কোচের খোঁজে রয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে গার্দিওলাই একমাত্র প্রার্থী নন। ইতালীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, সাবেক ইতালি অধিনায়ক ও ইউরো ২০২০ জয়ী কোচ রোবের্তো মানচিনি এবং সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। এ বিষয়ে মালাগো বলেন, ‘এসব নাম অবশ্যই আমাদের বিবেচনায় আছে, তবে শুধু তারাই নন। আমরা নির্দিষ্ট ধরনের একজন কোচ খুঁজছি।’