আর্টডক পরিদর্শনে সেনাপ্রধান

যুদ্ধকৌশলে আধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে

আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন

Printed Edition
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্টডক পরিদর্শন করেন :  নয়া দিগন্ত
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্টডক পরিদর্শন করেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণা উদ্যোগ দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুতকৃত সময়োপযোগী বিভিন্ন সরঞ্জাম, ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণা উদ্যোগ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুতকৃত সময়োপযোগী বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে অবহিত হন এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা বিষয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সামরিক সচিব; জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন : আইএসপিআর আরও জানায়, গতকাল রোববার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বান্দরবান রিজিয়নের আলীকদম সেনানিবাস পরিদর্শন করেন এবং সেখানে নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আইএসপিআর জানায়, দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সাথে আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁঁকিপূর্ণ পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জনের জন্য কার্যকর ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণে সক্ষম হবে।

পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।