রূপগঞ্জে মেডি স্কয়ারে বিশ্ব নার্স দিবস পালিত
‘আমরা মানুষের সেবায় নিয়োজিত’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্ব নার্স দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় মেডি স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন চৌধুরী, পরিচালক ডা: সজীব রায়হান, ডা: মইনুল ইসলামসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা। চেয়ারম্যান মহিউদ্দিন ভূঁইয়া বলেন, নার্সদের আন্তরিক সেবায় রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তিনি সেবার মান আরো বাড়ানোর আহ্বান জানান। পরে ২০ পাউন্ডের কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এ ছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার পরিবেশনের আয়োজন করা হয়। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ
‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার তুলে ধরে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকদল। গতকাল বুধবার দুপুরে শহরের বার লাইব্রেরি এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়। জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু তালুকদারের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় যুগ্ম আহ্বায়ক আলী হায়দার মিন্টু, আরিফুর রহমান তুষার, খোকন মাঝি, রাকিবুল ইসলাম মাঝি, মেহেদী হাসান, মাসুম পারভেজ লিমন, মো: বেলায়েত হোসেন ও আবির হোসেন রানাসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এ প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। ঝালকাঠি প্রতিনিধি।
বিদ্যালয়ের তালা ভেঙে প্রজেক্টর চুরি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে দু’টি প্রজেক্টর, একটি সাউন্ড সিস্টেম ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিদ্যালয় বন্ধ করে বাড়ি যান। পরদিন সকালে এসে অফিসকক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অভিযোগ করেন তিনি। ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।
সালিসি বৈঠকে এসে আটক হলেন আ’লীগ নেত্রী
নীলফামারীর সৈয়দপুর থানায় সালিসি বৈঠকে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন আটক হয়েছেন। গত সোমবার রাতে থানার গোলচত্বর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পারিবারিক বিরোধ নিয়ে থানায় সালিসি বৈঠকে এসেছিলেন কাজী জাহানারা পারভীন। এ সময় রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজনের সাথে তার বাগি¦তণ্ডা হয়। পরে পুলিশ তাকে আটক করে। আটকের সময় তিনি বিভিন্ন স্লোগান দেন বলে জানিয়েছে পুলিশ। নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা।
ভালুকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
ময়মনসিংহের ভালুকায় পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) উদ্যোগে আয়োজিত বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন। গতকাল বুধবার ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মেজয় ভিটা এলাকায় পিএমকের শাখা কার্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনা মূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়। সেবা দেন ডা: মিনহাজুল ইসলাম, ডা: চন্দন দেব বর্মন, ডা: জাহাঙ্গীর আলম ও শহিদুল ইসলাম। ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো: নবাব আলি। উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক আবদুল জলিল ও আইটি কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম। আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।
নওগাঁয় সাপের দংশনে যুবকের মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলায় সাপের দংশনে রানা হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের গোড়রা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাটে বিক্রির জন্য চার্জার ভ্যানে কলার কাঁদি তুলছিলেন রানা। এ সময় কলার কাঁদিতে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে দংশন করে। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে সাপটিকে মেরে ফেলেন এবং রানাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় চেয়ারম্যান ইয়ারুর রহমান বলেন, দ্রুত সাপের বিষের প্রতিষেধক দেয়া গেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নওগাঁ প্রতিনিধি।
নড়াইলে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৯ লাখ ৮৫ হাজার ৯০০ টাকার চেক বিতরণ করেছে জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান, স্কুল ও মাদরাসা রয়েছে। প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, জেলার উন্নয়নে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নড়াইল প্রতিনিধি।
কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা
পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে তৌহিদ মেডিক্যাল হলকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান। এ সময় ফার্মেসিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো: কামরুজ্জামানকে জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও মো: আসাদুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের সাথে জড়িত বিষয়ে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।



