সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

শেবাচিমে চালু হেমাটোলজি ডে কেয়ার

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আগামী ৫ জুন চালু হচ্ছে ১০ শয্যার হেমাটোলজি ডে কেয়ার ইউনিট। বিশ্ব হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া দিবস উপলে আয়োজিত আলোচনা সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর এ ঘোষণা দেন। এই ইউনিটে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া ও ক্যান্সারে আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসা পাবেন। বর্তমানে হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ আলীর প্রচেষ্টায় হাসপাতালের বহির্বিভাগ ও ল্যাবরেটরি কার্যক্রম সচল রয়েছে। ডে কেয়ারটি চালু হলে সেবার মান আরো বৃদ্ধি পাবে। ডা: আলী জানান, বরিশালে বর্তমানে ৩৪৭ জন হিমোফিলিয়া রোগী আছেন। চলতি বছরে এ বিভাগ থেকে এক হাজার ২০৬ জন এবং ৪৪ জন থ্যালাসেমিয়া রোগীকে সেবা দেয়া হয়েছে। অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বরিশাল ব্যুরো।

৫০ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ

পটুয়াখালীর গলাচিপায় পৃথক অভিযানে অবৈধভাবে পাচারের সময় প্রায় ৫০ লাখ পিস গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। গত বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শান্তি পাল মিলসংলগ্ন রেণু পোনার আড়তে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তদার ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একই সময়ে ওই এলাকা থেকে রেণু পোনা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক। পরে স্থানীয়দের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জব্দকৃত বিপুল পরিমাণ রেণু পোনা রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।

ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকাল ১০ টায় চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উপলে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। চিতলমারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা এস এম আবদুল অদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা প্রেস কাবের সভাপতি সেলিম সুলতান সাগর, স্টেশন লিডার মো: আবদুর রহিমসহ অন্যান্য ফায়ার ফাইটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর স্টেশন চত্বরে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা।

সিটি ব্যাংক উপ-শাখার যাত্রা শুরু

নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী সিটি ব্যাংক পিএলসির নতুন উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে লোহাগড়া বাজারস্থ সাব পোস্ট অফিসের সামনে জাহান ভিলা ভবনের নিচতলায় এই উপ-শাখার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। ফরিদপুর শাখার কাস্টার ম্যানেজার মো: শহিদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ও বরিশাল বিভাগের রিজিওনাল হেড মো: ইব্রাহিম খলিলি। শাখা ব্যবস্থাপক মো: আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মো: আলমগীর ফারুকসহ স্থানীয় শিাপ্রতিষ্ঠানের প্রধান ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে ব্যাংকের নতুন এই উপ-শাখাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা।

ফায়ার সার্ভিস সপ্তাহের সচেতনতা মহড়া

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার সকালে ধনবাড়ী ফায়ার স্টেশন বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সানোয়ার হোসেন ও ধনবাড়ী প্রেস কাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। অনুষ্ঠানে অগ্নিনির্বাপণ, উদ্ধার তৎপরতা ও ভূমিকম্প প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ মহড়ার আয়োজন করা হয়। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও মার্কেটে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অগ্নিঝুঁকি কমাতে প্রয়োজনীয় নিরাপত্তা পরামর্শ দেয়া হয়। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।

পাইকগাছায় বিশ্ব মৌমাছি দিবস

খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় সংগঠনের নতুন বাজারস্থ কার্যালয়ে এ উপলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, মাধুরী রানী সাধু ও সাংবাদিক আহম্মেদ আলী। বক্তারা বলেন, পরিবেশ ও মানবসভ্যতা টিকিয়ে রাখতে বাস্তুতন্ত্রের সবচেয়ে পরিশ্রমী পতঙ্গ মৌমাছির ভূমিকা অপরিসীম। এরা খাদ্যশস্য ও উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। কিন্তু পরিবেশ দূষণের কারণে বর্তমানে এই উপকারী পতঙ্গ দ্রুত হ্রাস পাচ্ছে। যদি পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, তবে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই মৌমাছি রায় সর্বস্তরে জনসচেতনতা তৈরি করা জরুরি। পাইকগাছা (খুলনা) সংবাদদাতা।

নারী খামারিদের ডেইরি প্রশিণ

দ নারী শক্তি, খামারের উন্নতি এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে নারী খামারিদের দতা উন্নয়ন ও মতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ফুড প্রজেক্টের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রজেক্টের আঞ্চলিক ব্যবস্থাপক ডা: মাহাবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ এস এম আতিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: জিন্নু রাইন ও ভেটেরিনারি সার্জন ডা. রাসেল আহমেদ। ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিনের সঞ্চালনায় এই দিনব্যাপী প্রশিণে ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলার মোট ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করে আধুনিক পশুপালনের নানা কৌশল শেখেন। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।

৮ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা আট দিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এক নোটিশে জানায়, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ত্রিদেশীয় (বাংলাদেশ, ভারত ও ভুটান) বাণিজ্য বন্ধ থাকবে। তবে এই সময়ে বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। কাস্টমসের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ঈদের দিন ছাড়া সরকারি ছুটির দিনগুলোতে কাস্টমসের অভ্যন্তরীণ কিছু দাফতরিক কাজ সীমিত পরিসরে চালু থাকবে। আগামী ২ জুন সকাল থেকে বন্দরে আবার পুরোদমে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন। পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা।