কুমিল্লা প্রতিনিধি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। জেদ্দা-রিয়াদ মহাসড়কে আফিফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরে আলম (৪২) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া (৪৩) জেলার চৌদ্দগ্রাম উপজেলা পৌর এলাকার বাসিন্দা। তারা দুই বন্ধু সৌদি আরবের রিয়াদে একসাথে ব্যবসা করতেন।
নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, শুক্রবার সন্ধ্যায় জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশে রওনা দেন তারা। একপর্যায়ের তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে দু’জনের মৃত্যু হয়।
স্বামীর লাশ দেশে আনতে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু রায়হান বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। পরিবার আবেদন করলে লাশ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।



