বিশ্বকাপে প্রথম পয়েন্ট কানাডার

Printed Edition
বসনিয়ার বিপক্ষে সমতাসূচক গোল করার পর কাইল লরিনকে নিয়ে ফুটবলারদের উদযাপন : ইন্টারনেট
বসনিয়ার বিপক্ষে সমতাসূচক গোল করার পর কাইল লরিনকে নিয়ে ফুটবলারদের উদযাপন : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

১৯৮৬ সালের বিশ্বকাপের আয়োজক ছিল মেক্সিকো। সেই আসরে প্রথমবার খেলেছিল কানাডা। সেবার তিন ম্যাচেই সব ক’টিতে হেরে শূন্য হাতে বিদায় নিয়েছিল কানাডিয়ানরা। এরপর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে ২০২২ কাতার বিশ্বকাপে ফিরলেও ভাগ্য বদলায়নি দলটির। সেবার আলফোনসো ডেভিসের পা থেকে ইতিহাসের প্রথম গোল আসলেও এবারো বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও মরক্কোর কাছে হেরে তিন ম্যাচেই হার কানাডিয়ানদের। এবার সহ আয়োজক হিসেবে বিশ্বকাপে ফিরেই ফুটবল ইতিহাসের হতাশা ছেড়ে প্রথম পয়েন্টের দেখা পেল তারা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইতিহাসে নাম লেখাল কানাডা।

ফিফা র‌্যাংকিংয়ে ৩১তম অবস্থানে কানাডা। যেখানে বসনিয়ার অবস্থান ৬১তম। র‌্যাংকিংয়ের মতো মাঠে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক দলই। ৬০ শতাংশ সময় ধরে রেখে গোলের জন্য নেয়া ১৩ শটের ৩টি লক্ষ্যে রেখে একবার জালের দেখা পায় কানাডা। অপরদিকে ৮ শটের চারটি লক্ষ্যে রেখে প্রথমে গোল করলেও সেটি ধরে রাখলে পারল না বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।

ঘরের মাঠে টরেন্টো স্টেডিয়ামে খেলার বাড়তি সুবিধা নিয়ে ম্যাচের প্রথম ভালো সুযোগটিও পায় কানাডা। ১৫ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শটে স্বাগতিক দর্শকদের হতাশ করেন জনাথন ডেভিড। ছয় মিনিট পরই সেট পিসে গোল করে এগিয়ে যায় বসনিয়া। কর্নারে উড়ে আসা বল সতীর্থের মাথা ছুঁয়ে গোলমুখে পেয়ে হেডেই জালে পাঠান জোভো লুকিচ। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হলেও প্রায় সাড়ে চার বছর পর দলে ফিরে বিশ্বকাপে অভিষেকেই পেলেন প্রথম আন্তর্জাতিক গোল। বড় মঞ্চে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল লুকিচের। ‘বি’ গ্রুপের ম্যাচে অবশ্য সেই ব্যবধান ধরে রাখতে পারল না বসনিয়া ও হার্জেগোভিনা। দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্সর পরও গোল পাচ্ছিল না কানাডা। অবশেষে বদলি নেমে দলকে কাক্সিক্ষত গোল এনে দেন কাইল ল্যারিন।

৫৩ মিনিটে ডেভিডের শট গোলরক্ষককে কাটিয়ে লক্ষ্যেই ছিল, শেষ মুহূর্তে দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন দলের এগিয়ে যাওয়া গোলে অবদান রাখা ডিফেন্ডার সিয়াদ কোলাশিনাচ। পরের মিনিটে পাল্টা আক্রমণে দেমিরোভিচ গোলরক্ষককে একা পেলেও ওয়ান-অন-ওয়ানে কোনোমতে আটকে দেন কানাডার মাক্সিম ক্রেপো। শেষ পর্যন্ত কিছুটা ভাগ্যের ছোঁয়ায় ৭৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক দল। প্রমিস ডেভিডের ওয়ান টাচ পাস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নেয়ার মাঝেই শরীর ঘুরে ল্যারিন শট নিলে একজনের গায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। শেষ দিকে একটানা চাপ ধরে রাখলেও আর জালে দেখা পায়নি কানাডা।

এর আগে দুইবার বিশ্বকাপ খেলেছে কানাডা, ১৯৮৬ ও ২০২২ আসরে। প্রতিবারই গ্রুপ পর্বে তিন ম্যাচ করে সবগুলোয় হেরে বিদায় নেয় তারা। তবে কাতারে একটি প্রাপ্তি ছিল তাদের, দেখা পায় বিশ্বকাপে প্রথম গোলের। এবার বিশ্বকাপে প্রথম পয়েন্টের দেখা পেল কানাডা।