মুরগির বিষ্ঠা দিয়ে সার তৈরি ক্ষতিগ্রস্ত ফসল

Printed Edition
মুরগির বিষ্ঠায় সয়লাব ক্ষেতের ধান কাটছেন না শ্রমিক : নয়া দিগন্ত
মুরগির বিষ্ঠায় সয়লাব ক্ষেতের ধান কাটছেন না শ্রমিক : নয়া দিগন্ত

খাদেমুল ইসলাম মামুন ঘাটাইল (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে একটি জৈব সার কারখানার দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ‘ওয়েসিস অ্যাগ্রো লিমিটেড’ নামের ওই কারখানায় পোলট্র্রি মুরগির বিষ্ঠা উন্মুক্তভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার ফলে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমিও।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় কার্যক্রম চালালেও পরিবেশগত নীতিমালা মানা হচ্ছে না। খোলা জায়গায় পোলট্রির বিষ্ঠা জমা রাখায় বাতাসে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে, এমনকি মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় অনেককে মশারি টানিয়ে খাবার খেতে হচ্ছে।

বৃষ্টির সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তখন বিষ্ঠা মিশ্রিত পানি আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে পড়ে। এতে জমিতে কাজ করতে শ্রমিকরা অনীহা দেখাচ্ছেন। ফলে পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষক হুরমুজ আলী বলেন, আমার ৬৩ শতাংশ জমিসহ প্রায় পাঁচ একর জমির ধান পেকে গেছে। কিন্তু কারখানার বিষ্ঠা জমিতে জমে থাকায় দুর্গন্ধে কেউ ধান কাটতে আসছে না।

কারখানার পাশের বাসিন্দা শিরিনা বেগম জানান, দুর্গন্ধ ও মাছির যন্ত্রণায় ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। আরেক বাসিন্দা হাবিবুর রহমান বলেন, বাচ্চারা বাইরে খেলতে পারে না, সব সময় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয়। এ পরিস্থিতিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, পরিবেশ অধিদফতর কিভাবে এই কারখানাকে অনুমোদন দিয়েছে, তা তার জানা নেই। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ওয়েসিস অ্যাগ্রোর প্রতিনিধি হাসান মিয়া বলেন, আমরা নিয়ম মেনেই কাজ করছি। আমাদের কার্যক্রমে কোনো দুর্গন্ধ নেই। তবুও কৃষকদের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া হবে।

টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো: জাহিরুল ইসলাম তালুকদার জানান, অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।