পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের আবেদন ফরম তোলা ও জমা দেয়াকে কেন্দ্র করে চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে সরকার ফ্যামিলিকার্ড চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে এ শুমারি চলবে। এ উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। গত ২২ জুলাই থেকে শুরু হওয়া আবেদন জমা দেয়ার শেষ সময় নির্দিষ্ট থাকায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে প্রার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়ান। প্রার্থীদের ভিড় সামলাতে কর্মকর্তা-কর্মচারীদের হিমশিম খেতে হলেও আবেদনকারীদের মধ্যে ছিল বেশ উৎসাহ-উদ্দীপনা।



