দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলে নিলুফা গুরুতর আহত হন। স্থানীয়রা ও রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে দর্শনা তরফদার ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নিলুফা দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকার নজরুল ইসলাম রনির স্ত্রী এবং দর্শনা ডিকৃষ্টপুর গ্রামের মো: রেজাউলের মেয়ে।
ঘটনার সময় তার সাথে থাকা প্রায় চার বছর বয়সী একটি শিশু অক্ষত থাকে। শিশুটিকে রেলওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
দর্শনা রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে।



