বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ, এনসিপির ব্যানারে আগুন

Printed Edition

বগুড়া অফিস

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বগুড়া জেলা ছাত্রদল। সমাবেশ শেষে এনসিপির ব্যানার নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।

শনিবার বেলা সোয়া ১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতমাথার সপ্তপদী মার্কেটের উপরে টানানো এনসিপি নেতাদের ছবিসংবলিত ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলেন এবং আগুন ধরিয়ে দেন। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, এনসিপির কিছু নামধারী দায়িত্বশীল ব্যক্তি সোস্যাল মিডিয়ায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তারা জুলাই আন্দোলনের মূল এজেন্ডা ঐক্যবদ্ধ ও সাম্য-মানবিক বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছেন।

এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে এই তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমর্যাদা ক্ষুণেœর অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।