ক্রীড়া প্রতিবেদক
মৃত্যুঞ্জয় চৌধুরীর সেরা বোলিং ফিগার ছিল ৪১ রানে ৫ উইকেট। এবার নিজেকে ছাড়িয়ে গেলেন এই পেসার। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল ২২ রানে নিলেন ৬ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ৮০ রানেই অলআউট হয় বসুন্ধরা স্ট্রাইকার্স। ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে নবম ওভারেই জয় তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ দিন গাজী গ্রুপের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৬ উইকেটে পেয়েছেন প্রাইম ব্যাংকের আলিস আল ইসলামও। ১৯৮ রানের বড় জয় পেয়েছে দলও। লিগে চতুর্থ রাউন্ড শেষে এখন পর্যন্ত অপরাজিত মোহামেডান ও প্রাইম ব্যাংক।
বিকেএসপি ২ নম্বর মাঠে গতকাল আগে ব্যাটিংয়ে নামা বসুন্ধরা স্ট্রাইকার্সকে চেপে ধরেন মোহামেডানের বোলাররা। ২৩.৫ ওভারেই ৮০ রানে অলআউট হয় দলটি। সর্বোচ্চ ২৯ রান আসে সোহানের ব্যাটে। ৬ উইকেট মৃত্যুঞ্জয়ের। বল হাতে বিধ্বংসী রূপে ছিলেন পেসার সাইফউদ্দীন আর লেগস্পিনার রিশাদ হোসেনও। তারা দু’জনই নেন দু’টি করে উইকেট।
৮১ রানের ক্ষুদ্র টার্গেটে দুই ওপেনার এনামুল হক বিজয় আর নাঈম শেখের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮.১ ওভারে জয় তুলে নেয় মোহামেডান। বিজয় ২৮ বলে ৫০ আর নাঈম শেখ ২১ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলকে ১০ উইকেটের জয় উপহার দিয়ে মাঠে ছাড়েন।
আলিস আল ইসলামের হ্যাটট্রিকে লিগে টানা চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ইউল্যাব ক্রিকেট মাঠে আগে ব্যাটিংয়ে নেমে শাহাদাত হোসেনের ৭১ ও আজিজুল হাকিম ৭৮ রান। শেষ দিকে ১৩ বলে আকবর আলীর ২৬ আর আবু হায়দারের ১৭ বলে ৪১ এবং ৪৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩০১ রান করে প্রাইম ব্যাংক।
রান তাড়ায় ফিল্ডিংয়ের সময় আজিজুল হাকিম চোট পাওয়ায় ব্যাটিং করেননি। ১০ জন ব্যাটিং করেন গাজী গ্রুপের। শেষ তিন ব্যাটারকে আউট করে হ্যাটট্রিক করেন আলিস। এতে ১০৩ রানেই গাজী গ্রুপ ক্রিকেটার্সকে গুটিয়ে ১৯৮ রানের বড় জয় পেয়েছে প্রাইম। ২১ রান দিয়ে ৬ উইকেট নেন আলিস।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭৭ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ওপেনার মাহফিজুল ইসলামের ১৩৮ বলে ১২৭ রানে ভর করে ৭ উইকেটে ২৯৩ রান করে অগ্রণী ব্যাংক। রান তাড়ায় রূপগঞ্জ ৩৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করলে বৃষ্টি নামলে ডিএল মেথডে জয় নিশ্চিত হয় অগ্রণী ব্যাংকের।
বিকেএসপিতে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ঢাকা লেপার্ডস। ৪৬.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয় তারা। পরে রান তাড়ায় নেমে সৈকত আলীর ৯০ বলে ৮৮ ও ইফতেখার হোসেনের ৬৬ বলে ৪৬ রানে সহজ জয় পায় লেপার্ডস।
ক্রিকেটার্স একাডেমিতে সিটি ক্লাবকে ডিএলএস নিয়মে ২৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাট করতে নেমে ২০৪ রানে অলআউট হয় সিটি ক্লাব, ব্রাদার্সের পেসার গোলাম কিবরিয়া পান ৫ উইকেট। সিটি ক্লাব ৪ উইকেটে ১৫০ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা।



