ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি নেতা রুস্তম আলীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক মো: মাসুদ আলমসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে আহত নেতার ভাই সোহেল আহমেদ বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়, গত ৪ জুন দুপুরে সদর ইউনিয়নের খাড়াসাড় মোড়ে পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে রুস্তম আলীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এতে তার বাম পা গুরুতর ক্ষতিগ্রস্ত হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। হামলার সময় নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগও করা হয়েছে। মামলার বাদি জানান, অভিযুক্ত মাসুদ আলম সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি হওয়ায় দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও নির্যাতন চালিয়ে আসছিলেন। অতীতেও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ ওঠে।
আশুগঞ্জ থানার ওসি সফিকুল আলম চৌধুরী জানান, বাদির লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।



