রিয়াদ মাহমুদ কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের কেন্দ্রীয় ফাজিল মাদরাসার সামনে নির্মাণাধীন বক্স কালভার্ট ও ৯০০ মিটার সড়কের কাজ নির্ধারিত সময় পেরিয়ে চার বছরেও শেষ হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, এক কোটি ৩১ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্ব পায় জিয়ানগর উপজেলার মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ। ২০২২ সালের ১৯ অক্টোবর কাজ শুরু হয়ে ২০২৩ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সড়কের পিচ ঢালাই ও বক্স কালভার্ট নির্মাণকাজ সম্পন্ন হয়নি।
সরেজমিন দেখা যায়, কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় পাঁচ হাজার মানুষ।
স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে রয়েছে কেন্দ্রীয় ফাজিল মাদরাসা, ভূমি অফিস, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরানী ও হাফিজি মাদরাসা এবং দু’টি সরকারি আবাসন প্রকল্পের প্রবেশপথ। অথচ দীর্ঘ দিন ধরে উন্নয়নকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে।
মুক্তিযোদ্ধা এস এম দুলাল হোসেন বলেন, কাজ শুরু করার পর পুরনো ইট তুলে নেয়া হলেও নতুন কাজ শেষ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।
কেন্দ্রীয় ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ বলেন, মাদরাসাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাকেন্দ্র। ঝুঁকিপূর্ণ কালভার্টের কারণে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, বারবার নোটিশ দিয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো সাড়া পাওয়া যায়নি। এ কারণে চুক্তি বাতিলের জন্য জেলা এলজিইডি কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান জানান, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।



