চৌগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা আ’লীগ নেতার

Printed Edition

এম এ রহিম চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা তপন কুমার হালদারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের কৃষক নুরনবী বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন।

গত শুক্রবার (২৪ জুলাই) সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মৃত বজলুর রহমানের ছেলে নুরনবী হাজরাখানা গ্রামের মৃত কেষ্ট হালদারের ছেলে অনিল কুমার হালদারের কাছ থেকে ৩৯ শতক জমি ক্রয় করেন। ২০০৮ সাল থেকে হাজরাখানা মৌজার ৮৬৪ নম্বর দাগভুক্ত ওই জমি দলিলমূলে ভোগদখল করে আসছেন তিনি। জমিটি নিজের নামে নামজারি করার পাশাপাশি নিয়মিত ভূমি উন্নয়ন করও পরিশোধ করছেন।

অভিযোগ রয়েছে, জমিদাতা অনিল কুমার হালদার মারা যাওয়ার পর তার ভাতিজা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তপন কুমার হালদারসহ কয়েকজন উত্তরাধিকারী নুরনবীকে হয়রানি করতে আদালতে মামলা করেন। মামলার শুনানি শেষে আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নুরনবীর অভিযোগ, আদালতের ওই আদেশ অমান্য করে তপন কুমার হালদার সম্প্রতি জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত অনিল কুমার হালদারের তিন ছেলে রঘু হালদার, মদই হালদার ও বিকাশ হালদার জীবিত থাকলেও জমিটি নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

কৃষক নুরনবী অভিযোগ করে বলেন, জমি কেনার পর থেকেই তপন কুমার হালদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। একের পর এক মামলা করে তাকে জমির দখল থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন।

তিনি প্রশাসন ও আদালতের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং বিরোধের স্থায়ী সমাধানের দাবি জানান।