ছাত্রশিবিরের আট বইয়ের মোড়ক উন্মোচন

‘জুলাইয়ের ইতিহাস বিকৃতির অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে’

Printed Edition
জুলাই আন্দোলন নিয়ে ছাত্রশিবিরের ৮ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত
জুলাই আন্দোলন নিয়ে ছাত্রশিবিরের ৮ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনাকে বিকৃত বা আড়াল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে। একই সাথে গবেষণা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিচর্চার মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ করে তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা বিভাগ আইসিএস পাবলিকেশন্স আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রচিত আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো- রক্তে ভেজা সবুজ ডানা, একমুঠো রোদ, আমার জুলাই, জুলাই বাংলা বর্ণমালা, জুলাই স্মৃতি (দ্বিতীয় খণ্ড), জুলাই রেভল্যুশন ওয়ালস, ঝঢ়রৎরঃ ড়ভ ঔঁষু ’২৪ অ-ত এবং মক্তব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে আন্ডারমাইন করার নানা চেষ্টা চলছে। এর মধ্যে সবচেয়ে বড় অপচেষ্টা হচ্ছে জুলাই আন্দোলনকে একাত্তর সালের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর প্রয়াস। জুলাই ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণ-আন্দোলন। তাই এর ইতিহাস বা চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে সংরক্ষণ করতে হবে। গবেষণা, সাহিত্য, গল্প-উপন্যাস ও অন্যান্য বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের স্মৃতি পৌঁছে দেয়া সম্ভব। শহীদদের স্মরণ করে অতীতের বিভিন্ন ঘটনার নিরপেক্ষ বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

বিশেষ অতিথি হাফেজ রাশেদুল ইসলাম এমপি বলেন, জুলাইকে বাদ দিয়ে দেশের পথচলা হতে পারে না। আন্দোলনের শুরু থেকেই ইসলামী ছাত্রশিবির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এতে সম্পৃক্ত ছিল। জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে লেখক, সাহিত্যিক ও প্রকাশকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম, কবি, কথাসাহিত্যিক ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, অধ্যাপক সাইফুল আরেফিন লেনিন, কথাসাহিত্যিক ও কবি সোলায়মান আহসান, লেখক জুয়ায়ের হুসাইন এবং জুলাই শহীদ নাসির হাসান রিয়ানের বাবা মো: গোলাম রাজ্জাক প্রমুখ।