জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অমিত হাসানের ম্যাচসেরা ইনিংস ও জাকের আলীর ফিনিশিংয়ে জিম্বাবুয়ে ‘এ’দলকে হারিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ ২৯৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। ব্যাট হাতে অমিতের ৮০, জাকের আলীর অপরাজিত ৬১, শাহাদাত হোসেনের ৫৪ ও মঈন খানের ৪৩ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ‘এ’ ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৮ রান তোলে। দলের হয়ে দুর্দান্ত ১১০ বলে ৫ চার ও ৬ ছক্কায় ১০৩ রান করেন আই কাইয়া। এছাড়া ম্যাথিউ ক্যাম্পবেল ৪২ ও রায়ান বার্ল ৫৪ বলে ৫০ রান যোগ করেন।

২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ পায় শক্ত ভিত। ওপেনার শাহাদাত হোসেন ৫০ বলে ৫৪ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। এরপর দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অমিত হাসান। ম্যাচসেরা এই ব্যাটার ৮৪ বলে ৮০ রানের চমৎকার ইনিংস খেলেন, যাতে ছিল ৯টি চার। মাঝে ইয়াসির আলী ২২ রান করলেও জাকের ও মঈন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। জাকের ৭৫ বলে ৬১ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৭টি চার।