অপূর্বর সাথে প্রিয় কাজ প্রসঙ্গে পপি

Printed Edition
অপূর্বর সাথে প্রিয় কাজ  প্রসঙ্গে পপি
অপূর্বর সাথে প্রিয় কাজ প্রসঙ্গে পপি

বিনোদন প্রতিবেদক

একসময়ের জনপ্রিয় নায়িকা পপি সিনেমাতে অভিনয়ের পাশাপাশি ভালো ভালো গল্পের নাটক বা টেলিফিল্মেও অভিনয় করতেন। এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে পপি একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন আজ থেকে প্রায় দশ বছর আগে। বিইউ শুভর পরিচালনায় পপি ও অপূর্ব অভিনয় করেছিলেন ‘দুপুর আকাশে একলা চিল’ নামের টেলিফিল্মে। রাজধানীর বিএফডিসি ও উত্তরাতে এই টেলিফিল্মের শুটিং হয়েছিল। টেলিফিল্মটি ঈদে এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল। সংবাদের সাথে প্রকাশিত হওয়া পপি ও অপূর্বর এই ছবিগুলো মোহসীন আহমেদ কাওছারের ক্যামেরায় ফ্রেমবন্দী ছবি। ছবিগুলো তোলা হয়েছিল বিএফডিসিতে শুটিং-এর ফাঁকে। দীর্ঘদিন পর সিনেমার বাইরে নাটক টেলিফিল্মের প্রাসঙ্গিকতা টেনে পপি অপূর্বর সাথে অভিনীত এই টেলিফিল্মটির কথা বিশেষভাবে বলতে গিয়ে পপি বলেন, ‘এক জীবনে তো আসলে অনেক সিনেমাতে অভিনয় করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তবে কিছু কিছু নাটক টেলিফিল্মে অভিনয় করেও আমি বেশ সাড়া পেয়েছি। যার মধ্যে অপূর্বও সঙ্গ অভিনীত টেলিফিল্ম দুপুর আকাশে একলা চিল-আমার ভীষণ প্রিয়। অপূর্ব আমার খুব প্রিয় একজন অভিনেতা। তার সাথে যে সময় টেলিফিল্মটিতে অভিনয় করেছিলাম সেই সময়টাতে আসলে আমরা দুজনই এত বেশি ব্যস্ত ছিলাম যে, আমাদের সিডিউল মেলানো কঠিন হয়ে পড়ত। কিন্তু শুভর চেষ্টায় দুজনেই সিডিউল মিলিয়ে কাজটি করেছিলাম। কাজটি প্রচার হবার পর বেশ সাড়া পাই। এখনো মাঝে মাঝে এই কাজটির কথা মনে পড়ে। অপূর্ব ভীষণ বিনয়ী একজন মানুষ আর দারুণ সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তার জন্য অনেক অনেক শুভ কামনা।’ অপূর্ব বলেন,‘পপি আমাদের চলচ্চিত্রের একজন ভীষণ গ্ল্যামারাস এবং গুণী অভিনেত্রী। তার সাথে আমার কাজ করার ইচ্ছে ছিল। একসাথে কাজ করে তার সম্পর্কে জানা হলো। কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড একজন শিল্পী। আমাদের এই কাজটি আমারও ভীষণ প্রিয়। পপি যেখানেই আছেন ভালো থাকুন, স্বামী সন্তান নিয়ে সুখে থাকুন।’