নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে মাটি কাটার কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনায় ভাইরাল হওয়ার পর গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেয়া হয়েছে।
তিনি বলেন, মাটি খুঁড়ে নেয়া হয়েছে, বিষয়টা এ রকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছিল।
মন্ত্রী বলেন, এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু হওয়ায় ওখান থেকে আবার মই দিয়ে কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনায় ওটা সরানো হয়েছিল। অতিরিক্ত মাটি ছিল, অবস্ট্রাকল তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে। এখন ওখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
অভিযোগ উঠেছে, একটি মহল সেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। এতে সেতুটি ঝুঁকির মুখে পড়বে। তবে সেতুর আশেপাশের মাটি কাটার অনুমতি রয়েছে বলে সংশ্লিষ্ট দফতর জানিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুর নিচে ও পাশ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছে। তবে কে বা কারা এই মাটি নিয়ে যাচ্ছে, তা নিশ্চিত করে বলা হয়নি ভিডিওতে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, আলীগঞ্জে অবস্থিত পদ্মা রেলসেতুর পিলারের নিচে ও একপাশের মাটি কেটে নেয়ার চিহ্ন দেখা গেছে। সেতুটির ৮৫, ৮৬ ও ৮৭ নম্বর পিলারের আশপাশের মাটি কেটে নেয়া হয়েছে। এতে বিশাল বড় গর্ত তৈরি হয়ে পানি জমেছে। তবে আপাতত মাটি কাটার কাজ বন্ধ আছে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার আবুবক্কর ও তার অনুসারীরা সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। তবে বিষয়টি অস্বীকার করে আবুবক্কর বলেন, আমি সেখান থেকে মাটি কেটে নিইনি। ফতুল্লার কিছু লোকজন কেটে নিয়েছেন। আমার জানা মতে, মাটি কাটার অনুমতি আছে।
তিনি আরো বলেন, ‘সেতুর নিচে মাটি কাটার জন্য চীনের এক কোম্পানি টেন্ডার দিলে ঢাকার এক ব্যক্তি টেন্ডার পেয়েছিল। পরে তার সাথে মিলে কাজ শুরু করলে এলাকার লোকজন বাধা দেন। তখন আর মাটি কাটিনি। এটা প্রায় দুই বছর আগের ঘটনা। এখন নতুন করে ফতুল্লার সাগর, ছিদ্দিক ও তার লোকজন মাটি কাটছেন।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন সাংবাদিদের বলেন, ‘আমাদের টিম সেখানে গিয়ে কথা বলেছে। পরে তারা জেলা প্রশাসকের সাথে দেখা করেছেন। রেলওয়ের লোকজন, মাটি কাটার ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ আর্মির ইঞ্জিনিয়ারিং কোড- এই তিনটা প্রতিষ্ঠান জেলা প্রশাসকের সাথে দেখা করেছে। এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে, তা ভালো বলতে পারবেন জেলা প্রশাসক। এখন মাটি কাটার কাজ চলছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এ ছাড়া মাটি কাটা ব্যক্তিদের বিষয়েও আমার কিছু জানা নেই।’
ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর বলেন, ‘রেলওয়ে প্রকল্পের অধীনে এই কাজ হয়েছে। এ বিষয়ে তারা বিস্তারিত জানে। প্রথম দিকে আমরা গিয়ে সেখানে মাটি কাটার কাজ বন্ধ রেখেছিলাম। পরে তারা এটা নিয়ে জেলা প্রশাসকের সাথে মিটিং করেছেন বলে শুনেছি।’
রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, ‘আমাদের পক্ষ থেকে এমন কোনো অনুমতি দেয়া হয়নি। তবে প্রকল্পের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে কি না, তা আমার জানা নেই।’
মাটি কাটার অনুমতি আছে দাবি করে পদ্মা রেলিং প্রজেক্টের ব্রিজ অ্যান্ড ভায়াডাক্ট ইঞ্জিনিয়ার আমিনুল করিম বলেন, ‘ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে অনুমতি নিয়েই মাটি কাটা হয়েছে। পিলার নম্বর ৭৬ থেকে ৯০ পর্যন্ত প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যরে স্থানে কাটা হচ্ছে, যা আগে জলাশয় ছিল। চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানির কন্ট্রাক্টর মাটি ও বালু দিয়ে ভরাট করে ভায়াডাক্ট নির্মাণকাজ শেষ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ওই অঞ্চলে আগের মতো জলাশয় খনন করা হচ্ছিল। এটা এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব নির্দেশিকা। এক কথায়, কাজের সুবিধার জন্য এখানে মাটি ভরাট করা হয়েছিল, যা পরবর্তীতে কেটে দেয়ার নির্দেশনা আছে।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি মাটি কাটার ঘটনাটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা মোটেও ঠিক নয়। কিছু স্বার্থন্বেষী মহল নিজেদের লাভের জন্য অপপ্রচার চালাচ্ছে। এখানে জলাশয় থাকবে সেই অনুসারে ডিজাইন করা হয়েছে। এই কাজ সম্পন্ন করা হয়েছে। যেহেতু ভূমির গভীরতা বিবেচনায় স্ট্রাকচারাল ডিজাইন অনুসারে পাইল, পাইল ক্যাপের ভিত্তির ওপর অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যা পিলারের কোনো প্রকার ক্ষতি করবে না।


