নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, প্রায় তিন কোটি মানুষের শহর রাজধানী ঢাকাকে নিরাপদ হিসাবে গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনসংখ্যার অতিরিক্ত চাপ, ভাসমান জনগোষ্ঠী বৃদ্ধি, বস্তি এলাকায় অপরাধ প্রবণতার পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ- দ্রুত বিস্তার লাভ করছে। এর মধ্যেই নিরাপদ মহানগরী গড়ে তুলতে জনগণ, গণমাধ্যম ও পুলিশের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোসলেহ উদ্দিন আহমদ বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম মূল অঙ্গীকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা। ঢাকা মহানগরীতে এই লক্ষ্য অর্জনে ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ। সম্প্রতি সমাপ্ত পুলিশ সপ্তাহ ২০২৬-এর স্লোগান ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ আমাদের দর্শনকে প্রতিফলিত করে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় তিন কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি। সাইবার হ্যাকিং ও সাইবার বুলিং, অনলাইন জুয়া ও প্রতারণাসহ অনলাইনভিত্তিক অপরাধ প্রতিরোধে ডিএমপি নিরলস কাজ করছে। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দিতে ডিএমপির সাইবার ইউনিটকে ক্রমশ শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি ডিএমপির সিটিটিসির অধীনে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করেছে, যা সাইবার সুরক্ষা আইনের অধীন মামলা তদন্তে যুগান্তকারী ভূমিকা পালন করবে।



