এএনআই
ভারতের কেরলম (সাবেক কেরালা) রাজ্যে সরকার গঠনের পর এবার কংগ্রেসের নজর দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় এই নির্বাচন সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চায় দলটি। দলীয় সূত্রে জানা গেছে, রাজ্যস্তরের নেতাদের বলা হয়েছে- জয়ের সম্ভাবনা আছে এবং লড়াইয়ের শক্তি আছে, এমন ১০০-১২০টি আসন চিহ্নিত করতে।
এআইসিসির উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পান্ডে সম্প্রতি রাজ্যের ছয়জন সম্পাদককে ৪০৩টি আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ, কংগ্রেসের শক্তি আছে, সংগঠন আছে এবং লড়াইয়ের ক্ষমতা রয়েছে, এমন শ খানেক আসন চিহ্নিত করতে বলা হয়েছে, যাতে জোটবদ্ধ লড়াই করতে হলে ওই আসনগুলো দাবি করা যায়। উত্তর প্রদেশে একার শক্তিতে বিজেপিকে হারানো কংগ্রেসের পক্ষে সম্ভবপর নয়। এই বাস্তবতা কংগ্রেস অস্বীকার করে না। শীর্ষ নেতারা চান, সমাজবাদী পার্টির সাথে জোট বেঁধে বিজেপির মোকাবেলা করতে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় না থেকে কংগ্রেস তাই আগেভাগেই কেন্দ্র বাছাই করে ফেলতে চাইছে, যাতে পূর্ণ শক্তিতে নামা যায়।



