ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে কালবৈশাখীর তাণ্ডবে চার শতাধিক পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রবল ঝড় ও দমকা হাওয়ায় বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং টিনের চাল উড়ে গেছে। গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি চরাঞ্চলের প্রধান ফসল ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গত রোববার মধ্যরাতে হঠাৎ শুরু হওয়া এই প্রবল ঝড় ও বজ্রবৃষ্টিতে উপজেলার ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাঁধা, চৌমুহনী, গুপ্তমনি, মধ্য খাটিয়ামারী এবং এরেন্ডাবাড়ী ইউনিয়নের বুলবুলির চরসহ কয়েকটি এলাকায় এই বিপর্যয় ঘটে। আকস্মিক ঝড়ে ঘরবাড়ি হারিয়ে ছোট ছোট সন্তানদের নিয়ে অনেক পরিবারকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে।
মধ্য খাটিয়ামারী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ঝড়ে মুহূর্তের মধ্যে ঘরের চাল উড়ে যায়। চরের বহু পরিবার এখন গৃহহীন। কাউয়াবাঁধা এলাকার কৃষক আব্দুল হালিম জানান, ঝড়ে ভুট্টাখেত মাটির সাথে মিশে গেছে। ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মণ্ডল বলেন, ঝড়ে চরাঞ্চলের চার শতাধিক পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এলাকাগুলো পরিদর্শন করছি এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
ফুলছড়ি ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, চরাঞ্চলে ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়েই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। দুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দ্রুত প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।



