ক্রীড়া ডেস্ক
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া আসরের জন্য ইতোমধ্যে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অনেক দেশ। এবার স্কোয়াড প্রকাশ করল ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার আসন্ন আসরের জন্য ইংলিশদের দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন ও চেলসির কোল পালমারের। স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড আর ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়েরও। তাদের ছাড়াই গতকাল বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ টমাস টুখেল।
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওলি ওয়াটকিনস ও আল আহলিতে খেলা ৩০ বছর বয়সী ফরোয়ার্ড ইভান টনি। ইউরোপা লিগ জিতে ওয়াটকিনস আর সৌদি লিগে চলতি মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করে বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করেছেন টনি।
বুকায়ো সাকা, ডেকলান রাইসের সাথে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে সুযোগ হয়েছে এবেরচি এজের। বিশ্বকাপ দলে জায়গা পাননি নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট ও লিডসের স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইনও। এবারের প্রিমিয়ার লিগে ইংলিশ ফুটবলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তারা দু’জনই।



