সিলেট বিভাগের ১৯ আসনে ব্যালট পেপার পৌঁছেছে

চলছে ভোটের তোড়জোড়

Printed Edition

সিলেট ব্যুরো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণের তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ১৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা বলছেন, ভোটগ্রহণের প্রায় সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

এবারের নির্বাচনে প্রথম বারের মতো প্রতিটি ভোট কেন্দ্রে থাকছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এ ছাড়াও পুলিশের সাথে থাকবে বডিওর্ন ক্যামেরা। সব মিলিয়ে ভোট শান্তিপূর্ণ করতে ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছেন ইসি ও জেলা রিটার্নিং কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের অবস্থান, ভোটারের সংখ্যা, দুর্গম এলাকা, সীমান্তঘেঁষা এলাকা ও রাজনৈতিক উত্তেজনা বিবেচনায় কেন্দ্রগুলোকে তিন স্তরে ভাগ করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতায় ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৯৭টি অতি গুরুত্বপূর্ণ (লাল), ১৩২টি গুরুত্বপূর্ণ (হলুদ) এবং ৬৫টি সাধারণ (সবুজ)। আর বিভাগজুড়ে চার জেলার দুই হাজার ৬৪১টি কেন্দ্রের মধ্যে ৩৬২টি অতি গুরুত্বপূর্ণ, ৮৯৮টি গুরুত্বপূর্ণ এবং এক হাজার ৩৮১টি সাধারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

জানা গেছে, ভোটের দিন অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো বিশৃঙ্খলার সময় দায়িত্বরত পুলিশ ভিডিও ধারণ করবেন, যা পরবর্তী তদন্তে ডিজিটাল প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে।