ঢাবি প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা যদি শপথ গ্রহণ না করেন, তবে দল-মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে। এটি কোনো একক দলের দাবি নয়, বরং এটি নতুন বাংলাদেশের গণদাবি। গতকাল রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এনসিপি আয়োজিত রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল সংসদের নতুন অধিবেশন শুরু হচ্ছে, যার দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। আমরা আশা করছি, সরকারি দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন এবং রাষ্ট্রপতি অপসারণের প্রক্রিয়া এগিয়ে নেবেন। অন্যথায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে রাজপথে নামতে হবে।’ তিনি আরো যোগ করেন, তারা একটি কার্যকর সংসদ দেখতে চান যেখানে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেয়া হবে এবং প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করা হবে।
শহীদ আবু সাঈদের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমেই সারা দেশে বিদ্রোহের সূচনা হয়েছিল। আগামী দিনে রংপুর বিভাগের সাথে আর কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী এবং মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল ইসলাম কাজলসহ ১১ দলীয় জোটের বিভাগীয় নেতৃবৃন্দ।



