মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ৯ নং ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণন গরগামী কাঁচারাস্তা সংলগ্ন একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবু সাঈদ উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের মো: আজগর আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাড়ির কাজ শেষে পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান আবু সাঈদ। রাত আনুমানিক ৮টার দিকে বাজারে তার চাচা বিপুল মিয়ার সাথে শেষ কথা হয় তার। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে ময়েনপুর ইউনিয়নের আকমল হোসেনের আমবাগানে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।



