বিনোদন প্রতিবেদক
কিছু দিন আগেই অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল। তার ব্যান্ড দল ‘আই কিংস’কে সাথে নিয়ে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণে একটি শোতে গানে গানে দর্শককে মুগ্ধ করেন। সিডনিতে ‘ফাগুন হাওয়া ফেস্ট-২০২৬’ এ তারা গানে গানে মুগ্ধতা ছড়ান। তবে এই শো শেষে অস্ট্রেলিয়ার মেম্বার অব পার্লামেন্ট মার্ক কোর ইমরান ও তার ব্যান্ড দলকে একটি সার্টিফিকেট প্রদান করেন। এবারই প্রথম বাংলাদেশের কোনো ব্যান্ড দল সিডনিতে সঠিক নিয়ম মেনে শোতে অংশ নেয়ার কারণে এ ধরনের সম্মাননায় ভূষিত হয়েছে। আর তাতে ইমরান ও তার ব্যান্ড দল ভীষণ উচ্ছ্বসিত। ইমরান মাহমুদুল বলেন, ‘অস্ট্র্রেলিয়ার সিডনিতে সফল শো শেষে এরই মধ্যে আমরা যুক্তরাষ্ট্রে জুলাইতে শোয়ের জন্য পুরো ব্যান্ড দলই ভিসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর সিডনিতে এমপি মার্ক কোরের হাত থেকে সম্মাননা সূচক যে সার্টিফিকেট পেয়েছি তা আমাদের জন্য সত্যিই অনেক বড় এক প্রাপ্তি। অস্ট্রেলিয়ার একজন সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের সম্মাননা সূচক সার্টিফিকেট পাওয়া সত্যিই অনেক বড় এক প্রাপ্তি। আমরা আন্তরিকভাবে তাকে কৃতজ্ঞতা জানাই এবং যারা সিডনিতে আমাদের শোয়ের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’ ইমরান জানান, আগামী জুলাই মাসে তিনি ও তার ব্যান্ড দল খান মোহাম্মদ আলীর নিমন্ত্রণে ‘আনন্দ মেলা-২০০২৬’ অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণের পাশাপাশি তারা আরো ১৫-২০টি স্টেজ শোতে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে। এ নিয়ে ইমরান ও তার ব্যান্ড দল ভীষণ উচ্ছ্বসিত। এই ব্যান্ড দলে লিড গিটারিস্ট হিসেবে আছেন রাজীব ঘোষ। রাজীব ঘোষ এই সময়ের একজন ভীষণ মেধাবী গিটারিস্ট। রাজীব ঘোষ বলেন, ‘আইকিংসের হয়ে দেশ-বিদেশে স্টেজ শোতে নিয়মিত অংশগ্রহণ করছি। এরই মধ্যে অস্ট্র্রেলিয়ার এমপি আমাদের যে সম্মাননা দিয়েছেন তা সত্যিই এক বড় অর্জন।
আশা করছি, জুলাইতে আমরা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করব। এখন শুধু জুলাইয়ের অপেক্ষায়।’ আইকিংসে আরো আছেন কিবোর্ডে কাইয়ুম খান, ড্রামসে সজল কুমার সাহা ও বেস গিটারে জাহাঙ্গীর আলম জনি।



