কাউখালীতে ৬৭ প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলায় ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ২৩ নম্বর কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গ্রামীণ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী উপকৃত হবে। শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ, ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেয়া হবে। খাদ্যতালিকায় রয়েছে ফর্টিফাইড বিস্কুট, সেদ্ধ ডিম, কলা বা মৌসুমি ফল, বনরুটি এবং ২০০ মিলিলিটার ইউএইচটি দুধ।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত সব বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নিয়মিত এ সুবিধা পাবে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। তাদের মতে, দুপুরের খাবারের নিশ্চয়তা থাকায় দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং শিক্ষার প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে।