সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৫৪ বাংলাদেশী হজযাত্রী

মারা গেছেন ১০ জন

Printed Edition

বাসস

এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে মোট ৪৭ হাজার ৫৪ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো: লোকমান হোসেন জানান, গতকাল সকাল ১০টা পর্যন্ত ১২০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত স্বাভাবিক কারণে ১০ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় আটজন এবং মদিনায় দুইজন মারা যান।

তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ১০ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৯৫৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে আট হাজার ৯১ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অবশিষ্ট ৩১ হাজার ২৭০ জন যাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে পরিচালক জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেরত ফ্লাইট ৩০ মে জেদ্দা থেকে শুরু হবে এবং শেষ হজ ফ্লাইট ৩০ জুন ছেড়ে আসবে।