জিয়ো নিউজ
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে এক আলোচনায় পাকিস্তান জানিয়েছে, অবৈধভাবে কাশ্মির দখল করে রেখেছে ভারত। জাতিসঙ্ঘে পাকিস্তান মিশনের কাউন্সেলর গুল কায়সার সারওয়ানি এ কথা বলেন। তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ কখনোই ছিল না, নেই এবং হবেও না’।
এর আগে জাতিসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতনেনি হরিশ দাবি করেছিলেন যে, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ। সারওয়ানি বলেন, ‘ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মির আন্তর্জাতিকভাবে স্বীকৃত অমীমাংসিত বিষয়।’ তিনি বলেন, ‘কোনো ধরনের ধোঁয়াশা এই বিবাদের ঐতিহাসিক, আইনি এবং আন্তর্জাতিক চরিত্রকে পরিবর্তন করতে পারবে না।’ জাতিসঙ্ঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনে জম্মু ও কাশ্মির এবং ফিলিস্তিন উভয় বিরোধের অব্যাহত প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে, যা জাতিসঙ্ঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা অনুযায়ী সমাধান করা আবশ্যক।



