আলজাজিরা
ফিলিস্তিন সমর্থক গোষ্ঠী ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে ব্রিটেন সরকারের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত বৈধ কি না, সে বিষয়ে আজ সোমবার রায় দেবেন দেশটির আপিল আদালত। গত জুলাই মাসে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই আইনি ও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
এর আগে ফেব্রুয়ারি মাসে লন্ডনের হাইকোর্ট সরকারি এই নিষেধাজ্ঞাটিকে অসামঞ্জস্যপূর্ণ এবং বেআইনি বলে রায় দিয়েছিল। সরকারের পক্ষ থেকে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। বর্তমানে নিষেধাজ্ঞাটি বহাল রয়েছে এবং সোমবারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দেশজুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে।
প্যালেস্টাইন অ্যাকশন মূলত একটি প্রতিবাদী গোষ্ঠী, যারা ইসরাইলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস, লিওনার্দো, থ্যালেস এবং টেলেডাইনের মতো করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রত্যক্ষ ও ধ্বংসাত্মক কর্মসূচির মাধ্যমে তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে। পুলিশি তথ্যমতে, গত কয়েক বছরে গোষ্ঠীটির এসব কর্মকাণ্ডে কয়েক মিলিয়ন পাউন্ড সমমূল্যের সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।



