ফেনীর লালপোল বেদে পল্লী মাদকের হট স্পট

Printed Edition

শাহাদাত হোসাইন ফেনী

ফেনী শহরতলির লালপোল বেদে পল্লী এখন মাদক কারবারের অন্যতম হট স্পট হিসেবে পরিচিতি পাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে মহাসড়ক-সংলগ্ন এই এলাকা। এখানে বসবাসরত ৮০ থেকে ১০০ পরিবারের সদস্যদের অনেকেই মাদক কারবারের সাথে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, পল্লীতে পাইকারি ও খুচরাÑ দুই পর্যায়েই মাদক বিক্রি হয়। একটি সিন্ডিকেটের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, মূল নিয়ন্ত্রক হিসেবে পরিচিত সোহেল দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে থেকে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। তার সাথে আরো কয়েকজনের সম্পৃক্ততার কথাও বলছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, অভিযানের আগাম তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বড় ধরনের অভিযানের আগেই সংশ্লিষ্টরা সরে পড়েন। স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যক্তি বা কর্মকর্তার মাধ্যমে তথ্য পাচার হওয়ায় কারবারিদের মূল হোতারা অধরাই থেকে যাচ্ছেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার নেতৃত্বে বেঁদে পল্লীতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫০০ গ্রাম মাদকসহ তিনজনকে আটক করা হয়। তবে স্থানীয়দের দাবি, অভিযানের আগেই মূল লাটের গুরুরা পগার পাড় হয়ে যান।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে টাস্কফোর্স অভিযানও চালানো হয়েছে। সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম বলেন, শুধু অভিযান নয়, সামাজিক উদ্যোগও প্রয়োজন। বেঁদে পল্লীকে সিসি ক্যামেরার আওতায় আনা এবং বাসিন্দাদের তথ্যভান্ডার তৈরি করা জরুরি।