কানে ফিলিস্তিনি নির্মাতাদের পাশে কেট ব্লানচেট

Printed Edition
কানে ফিলিস্তিনি নির্মাতাদের  পাশে কেট ব্লানচেট
কানে ফিলিস্তিনি নির্মাতাদের পাশে কেট ব্লানচেট

বিনোদন ডেস্ক

বিশ্বজুড়ে যুদ্ধ ও নিপীড়নের মুখে ভিটেমাটিহীন, নির্বাসিত ও অভিবাসী মানুষের যন্ত্রণার গল্প সেলুলয়েডে তুলে ধরতে বিশেষ এক বৈশ্বিক উদ্যোগের ঘোষণা দেয়া হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। অস্কারজয়ী অজি অভিনেত্রী ও জাতিসঙ্ঘের শরণার্থী-বিষয়ক সংস্থার শুভেচ্ছা দূত কেট ব্লানচেট ‘বাস্তুচ্যুত চলচ্চিত্র তহবিল’-এর দ্বিতীয় পর্বের জন্য মনোনীত পাঁচ নির্মাতার নাম প্রকাশ করেছেন।

এবারের তালিকায় সবচেয়ে বড় চমক দুই ফিলিস্তিনি নির্মাতা। একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কৌতুকাভিনেতা ও নির্মাতা মো আমের এবং অন্যজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফিলিস্তিনি পরিচালক অ্যান মেরি জাসির। এছাড়া তালিকায় রয়েছেন আকুওল ডি মাবিওর, বাও নগুয়েন এবং রিথি প্যান। অস্কারজয়ী অভিনেতা কে হুই কোয়ান এবং সিরিয়ার যুদ্ধকালীন প্রামাণ্যচিত্র নির্মাতা ওয়াদ আল-কাতিবের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরা দুই স্তরের কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই পাঁচজনকে মনোনীত করেন।

বাস্তুচ্যুতি ও আত্মপরিচয়ের সঙ্কট নিয়ে মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে এই তহবিল গঠিত হয়েছে। এ বছর মনোনীতদের মধ্যে মো আমেরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটার্ন টু সেন্ডার’-এ উঠে আসবে একজন ফিলিস্তিনি মঞ্চ-কৌতুকশিল্পীর আন্তর্জাতিক সফরে যাওয়ার পথে শরণার্থী ভ্রমণ নথিপত্র পাওয়ার পরও এক পরাবাস্তব অভিবাসন জটিলতার গল্প। অন্যদিকে, ঐতিহাসিক হাইফা শহরের প্রেক্ষাপটে মানুষের স্মৃতি, জাতিসত্তার পুনঃনির্মাণ ও উচ্ছেদের গল্প নিয়ে অ্যান মেরি জাসির নির্মাণ করবেন ‘ডিকনস্ট্রাকশন’। উৎসব মঞ্চে কেট ব্লানচেট বলেন, ‘বাস্তুচ্যুত মানুষের জীবনের গল্প পর্দায় কেমন হতে পারে, তা নিয়ে প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে এই উদ্যোগের প্রথম পর্বের চলচ্চিত্রগুলো। চলচ্চিত্র দুনিয়া ও আমাদের অংশীদারদের কাছ থেকে দারুণ সাড়াও মিলেছে।’ তহবিলের নিয়ম অনুযায়ী, নির্বাচিত প্রতিটি চলচ্চিত্র নির্মাণের জন্য এক লাখ ১৬ হাজার মার্কিন ডলার অনুদান দেয়া হবে। আগামী ২০২৭ সালের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।