মিঠাপুকুরে সংখ্যালঘু পরিবারকে বুঝিয়ে দেয়া হলো দোকান

Printed Edition

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের গুটিবাড়ি বাজারে সংখ্যালঘু পরিবারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে দোকানঘরটি উদ্ধার করে প্রকৃত মালিক বিশ্বনাথকে বুঝিয়ে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুটিবাড়ি গ্রামের হিন্দু সম্প্রদায়ের বিশ্বনাথের একটি দোকানঘর মাসিক ভাড়ার চুক্তিতে দীর্ঘদিন ধরে একই গ্রামের লাবলু মিয়া ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি বিশ্বনাথ নিজের প্রয়োজনে দোকানঘরটি ফেরত চাইলে লাবলু মিয়া নানা অজুহাতে তা ছাড়তে টালবাহানা শুরু করেন।

পরবর্তীতে বিশ্বনাথ বিষয়টি মিঠাপুকুর থানায় লিখিতভাবে জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গত শুক্রবার বড়বালা ইউনিয়ন বিট কার্যালয়ে উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে পঁঁঁাঁচ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া শুরু হয়। জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ভাড়াটিয়া লাবলু মিয়াকে দোকানঘরের চাবি প্রকৃত মালিক বিশ্বনাথের কাছে বুঝিয়ে দেয়ার কথা বলা হয়। তবে অভিযোগ, জুরি বোর্ডের সিদ্ধান্তও উপেক্ষা করেন লাবলু মিয়া। এর পরিপ্রেক্ষিতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দোকানঘরের তালা খুলে বিশ্বনাথকে তার ব্যবসাপ্রতিষ্ঠানের চাবি বুঝিয়ে দেন বলে জানা গেছে।