ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদর উপজেলার চর মাধবদিয়ায় মা ও মেয়েকে হত্যা করে মাটিচাপা দেয়ার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় উজ্জ্বল খান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার দুপুরে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম।
নিহতরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা জাহানারা বেগম (৩০) ও তার পাঁচ বছরের মেয়ে সামিয়া।
পুলিশ জানায়, ঢাকার আমিন বাজারের একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারার সাথে উজ্জ্বল খানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে উজ্জ্বল জাহানারাকে ফরিদপুরে নিয়ে আসেন।
গত ৪ মে রাতে চর মাধবদিয়ার কালিতলা এলাকায় একটি নির্জন ছাপড়া ঘরে কথাকাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল জাহানারাকে শ্বাস রোধে হত্যা করে। পরে ঘটনাস্থলে থাকা সামিয়াকেও গলা টিপে হত্যা করা হয়। এর পর একটি কোদাল দিয়ে গর্ত খুঁড়ে ছাপড়া ঘরের পাশেই মা-মেয়ের লাশ মাটিচাপা দেয়া হয়।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বগারটিলা এলাকা থেকে উজ্জ্বল খানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
ঘটনাস্থল থেকে নিহতদের ব্যবহৃত বোরকা, ওড়না, নেকাব, শিশুর পোশাক, একটি মালা, আসামির মোবাইল ফোন, হত্যায় ব্যবহৃত কোদাল ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত ১৪ মে কালিতলা এলাকার একটি পুকুরপাড় থেকে মাটিচাপা অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত জাহানারার স্বজন লালন মোল্লা বাদি হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত চলছে।



