আলজাজিরা
ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে বর্তমানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
দেশটির আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানিয়েছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় ওই এলাকায় প্রবল গর্জনধ্বনিও শোনা যায়। স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানান, পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। নিখোঁজদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন। উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে দুইজন বিদেশী নাগরিক।
বিজ্ঞানীরা আগ্নেয়গিরিটির অস্বাভাবিক তৎপরতা শনাক্ত করার পর গত ১৭ এপ্রিল থেকেই এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির সক্রিয় কেন্দ্র থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সরকারি সংস্থা জানিয়েছে, ছাইয়ের মেঘ উত্তর দিকে ছড়িয়ে পড়ায় তোবেলো শহরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া আগ্নেয়গিরি থেকে ছিটকে পড়া পাথর ও লাভার প্রবাহের ঝুঁকির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ডুকোনোতে গত মার্চ মাস থেকে এ পর্যন্ত প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল।



