পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক দু’টি ঘটনায় এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে লিচুর বিচি গলায় আটকে এক শিশুর এবং বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মাহমুদুলের আট মাস বয়সী ছেলে হোসেন লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অন্য দিকে বিকেলে দৌলতপুর ইউনিয়নের কেটগাঁও সিন্দুর্ণা গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি মিঠুন (৩৫) ঘরের চালের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিঠুন সুরেন্দ্র রায়ের ছেলে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওয়ারিস ইয়াজদানি জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।



