নানিয়ারচরে কৃষককে কফি ও কাজুবাদাম চাষে প্রশিক্ষণ

Printed Edition

নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা

রাঙামাটির নানিয়ারচরে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে ১০০ কৃষককে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত মঙ্গলবার উপজেলা হর্টিকালচার সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো: মনিরুজ্জামান।

নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জুবাইদুর রহমান ভাষানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে উচ্চমূল্যের কফি ও কাজুবাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি কফি ও কাজুবাদামের উন্নয়ন, সম্প্রসারণ, রোগবালাই দমন, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হয়।

বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় কফি ও কাজুবাদাম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে কৃষকরা লাভবান হতে পারবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।