নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটি গেরুয়া পতাকা। সেই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানি শক্তি না থাকে, তাহলে এই পতাকা ঠেকানো কঠিন হবে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৫ বছরে অনেক আলেম নির্যাতনের শিকার হয়েছেন এবং সাধারণ মানুষও নানা কষ্টের মধ্যে ছিলেন। তিনি সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘মসজিদের সাথে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই মসজিদে জুমার নামাজ আদায়ের ঘোষণা দেন নাসিরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মসজিদে পৌঁছালে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে মসজিদ প্রাঙ্গণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তার অনুসারীদের মধ্যে হুড়োহুড়ির ঘটনা ঘটে। এ সময় মসজিদের পেছনের ফটকের কাচের গ্লাস ভেঙে অন্তত পাঁচ মুসল্লি আহত হন।
মসজিদের খাদেম মিজানুর রহমান বলেন, ‘হুড়োহুড়ি করে ফটকের কাচ ভেঙে ফেলেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। মসজিদের শৃঙ্খলা বজায় রাখা হয়নি।
এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, “আমরা যথেষ্ট চেষ্টা করেছি অন্তত মসজিদের ভিতরে চাপ কমানোর। কিন্তু সাধারণ মুসল্লিসহ সবার উপচে পড়া ভিড়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই স্বাভাবিকভাবেই মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যায়।
আমরা সাথে সাথেই আমাদের দায়িত্বশীলদেরকে বলেছি মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলতে। ইনশাআল্লাহ আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দিবো। আসরের নামাজে ইমাম তা মুসল্লিদেরও জানিয়ে দিবেন। ঘটনাটিকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে দুঃখ প্রকাশও করেন এনসিপির এ নেতা।



