হাম ও উপসর্গে মৃত্যু ৬৫০ ছাড়াল

২৪ ঘণ্টায় আরো ৪ শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে আরো চার শিশু মারা গেছে । এ নিয়ে গত তিন মাসে মোট মৃত্যু ৬৫০ ছাড়াল।

গতকাল (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৫২ জনের।

এ দিকে দেশজুড়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে হাম। পাশাপাশি আরো ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে এই সময়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে মোট ৮৫ হাজার ৯৫১ জনের শরীরে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ১০ হাজার ৩২৩ জনের।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৬ হাজার ৮৪১ জন ছাড়পত্র পেয়েছেন।

মমেকে হাম উপসর্গে তিন মাসে প্রাণহানি ৫১

ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিকথ্যাল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক সময়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

হাসপাতাল সূত্র জানায়, একই সময়ে নতুন করে আরো ২৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যা পরিস্থিতির উদ্বেগজনক দিকই নির্দেশ করছে।

গতকাল দুপুরে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স দুই বছর ছয় মাস। বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। গত ৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামের পাশাপাশি শিশুটি সেপটিসেমিয়া ও সেপটিক শকে আক্রান্ত ছিল।